সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার
নিজস্ব প্রতিবেদক:
শিল্প মন্ত্রণালয়ের অধীন সার কারখানা ছাড়া অন্য সব রাষ্ট্রায়ত্ত কারখানায় বেসরকারি বিনিয়োগ আনতে যাচ্ছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে কোনো কারখানা দীর্ঘমেয়াদি ইজারা দেওয়া হবে, কোনোটি চলবে আয় ভাগাভাগিতে, আবার কোনোটি মুনাফা ভাগাভাগির ভিত্তিতে। আগামী বছরের শুরু থেকে এ কার্যক্রম শুরু হতে পারে।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা জানান।
মন্ত্রী বলেন, সব ক্ষেত্রে সরকার মালিকানা ছেড়ে দেবে, বিষয়টি এমন নয়। সরকারি মালিকানা বজায় রেখেই বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে।
তিনি বলেন, ‘সরকারি সম্পদ জনগণের সম্পদ। তাই এ ধরনের উদ্যোগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হয়।’ এ জন্য দরপত্র, মূল্যায়ন এবং কারিগরি ও আর্থিক সমীক্ষাসহ কয়েকটি ধাপ পার হতে হবে। দরপত্র আহ্বানের পর একটি কারখানা বেসরকারি উদ্যোক্তার কাছে হস্তান্তর করতে সাড়ে পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে। এ-সংক্রান্ত নথিপত্র তৈরির কাজ অনেকটা এগিয়েছে বলে জানান তিনি।
শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই লোকসানে রয়েছে। গত ১২ নভেম্বর জাতীয় সংসদে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মন্ত্রণালয়ের অধীন ৫৫টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে লাভে আছে মাত্র ৫টি। বাকিগুলো হয় লোকসানে চলছে, নয়তো বন্ধ রয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টিই লোকসানে রয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত চিনিকল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর-পরবর্তী লোকসান ছিল প্রায় ৪৭৭ কোটি টাকা।
সার কারখানাগুলোর অবস্থাও ভালো নয়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে আটটি গত অর্থবছরে লোকসান দিয়েছে। এর সব কটিই সার কারখানা। তবে কৃষিতে সার সরবরাহের গুরুত্ব বিবেচনায় এগুলোকে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনার বাইরে রাখা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর নির্দেশ দিয়েছিলেন। রুগ্ণ ও বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান তৈরি করা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি। এরপর জুলাইয়ে বন্ধ ও লোকসানি ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগের প্রস্তাব চায় সরকার।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়া সহজ করতে বিদ্যমান প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। এ জন্য এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ঢেলে সাজানো হচ্ছে। এরই মধ্যে বেসরকারি খাত থেকে ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানুয়ারির শুরুতে দায়িত্ব নেবেন।
মন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক প্রতিষ্ঠার চিন্তা ভালো। তবে আপাতত সরকারের লক্ষ্য তাদের ঋণ পাওয়ার পথ সহজ করা। ব্যাংকের প্রচলিত শর্ত পূরণ করা অনেক ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে কঠিন। বিশেষ করে ৬, ৮ বা ১২ লাখ টাকার ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও জামানত জোগাড় করতে গিয়ে তারা সমস্যায় পড়েন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ঋণ কর্মসূচিতে এখন দুই লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ দেওয়া হয়। আর পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ক্ষমতা রয়েছে স্থানীয় কার্যালয়ের। সম্প্রতি ৫১ জন উদ্যোক্তার মধ্যে প্রায় ১১ থেকে ১৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। জামানত ছাড়া ঋণের পরিমাণ ও স্থানীয় কার্যালয়ের ক্ষমতা আরও বাড়ানো হবে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন
সব ›
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি
লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ
সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডক্টরস অ্যালায়েন্স’
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর…
সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হ…
মাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী
মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববি…
স্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকা
শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। নতুন এই দর রোববার (২২ নভেম্বর)…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।