এআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতন
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। একই সঙ্গে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে মূল্যবান এই ধাতু। যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার আশঙ্কা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে ব্যাপক দরপতনের কারণে স্বর্ণের বাজারে এই নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ কমে ৩ হাজার ৫১৪ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম কমে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
এ নিয়ে চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই স্বর্ণের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্য ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ দশমিক ৪০ ডলারে নিষ্পত্তি হয়েছে।
হাই রিজ ফিউচার্সের ধাতু লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, এআই সংশ্লিষ্ট শেয়ারবাজারে চলমান দরপতনের কারণে বিনিয়োগকারীদের একাংশ লোকসান সামাল দিতে স্বর্ণের অবস্থান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে স্বর্ণের বাজারে বিক্রির চাপ আরও বাড়ছে।
শুক্রবার বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন দেখা যায়। এআই খাতের বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারেনি অ্যানথ্রপিকের আইপিও। এর পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচার সূচক কমে যায় এবং এশিয়ার শেয়ারবাজার ২০২০ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়ে।
ডেভিড মেগার বলেন, উচ্চ সুদের হার, শক্তিশালী ডলার এবং মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে। এসব কারণ একসঙ্গে স্বর্ণের বাজারকে চাপে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) অক্টোবরের বৈঠকেও এমন কঠোর অবস্থানের প্রতিফলন ছিল। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, পরিস্থিতি বিবেচনায় আবারও সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে। এতে যুক্তরাষ্ট্রে ঋণের ব্যয় আরও বাড়বে—এমন প্রত্যাশা জোরালো হয়েছে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের বিনিয়োগকারীরা। এ সম্ভাবনা ৯৬ শতাংশ।
অন্যদিকে আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ বলেন, আগামী কয়েকটি লেনদেন পর্বে স্বর্ণের দাম আরও অনেকটা কমতে পারে। তবে সময়ের হিসাবে স্বর্ণ ও রুপার বাজারে খুব শিগগিরই সর্বনিম্ন দর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে ৪০ দশমিক ৯৯ ডলারে নেমেছে। গত জানুয়ারিতে রুপার দাম রেকর্ড ১২১ দশমিক ৬৪ ডলারে উঠেছিল। সেই সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে ধাতুটির দাম ৬৬ দশমিক ৩ শতাংশ কম।
এ ছাড়া প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৯৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ, নেমে এসেছে ৮৯০ দশমিক ১৯ ডলারে। সব মূল্যবান ধাতুই টানা দ্বিতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে।
আরও পড়ুন
সব ›
সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
‘শরণার্থীশিবিরে চিরদিন থাকতে চাই না’, রোহিঙ্গাদের আকুতি
কক্সবাজার সংবাদদাতা: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণা…
জুনে ২২ ব্যাংকের মুলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ ট্যাংকার আটক চট্টগ্রাম বন্দরে
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।