আন্দোলন হলে পোশাক কারখানা বন্ধ করে দেয়া হবে -বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনের নামে কোনো তৈরি পোশাক কারখানা ভাঙচুর করা হলে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষকে শ্রমিক ও শিল্পের স্বার্থে কারখানা বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে উদ্ভূত শ্রম পরিস্থিতি বিষয়ে বয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।
বিজিএমইএ সভাপতি বলেন, নভেম্বরে পোশাক শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি চূড়ান্ত করা হবে। যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। কিন্তু এখন অহেতুক আন্দোলনের নামে কারখানায় হামলা বা ভাঙচুর করা হচ্ছে। দেশের চলমান পরিস্থিতিতে শ্রমিকদেরকে বিভ্রান্ত করার জন্য বহিরাগতরা উস্কানি দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় এরই মধ্যে দুজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে শ্রমিক ও কারখানা নিরাপত্তার স্বার্থে কারখানার মালিকরা শ্রম আইনের ১৩ এর ১ ধারায় কারখানা বন্ধ করতে পারবেন। কারখানা বন্ধ থাকাকালীন সময়ে শ্রমিকরা কোনো ধরনের বেতন-ভাতা পাবেন না।
শ্রমিক অসন্তোষের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্ন জবাবে ফারুক হাসান বলেন, মজুরি নিয়ে সরকার আলাপ-আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত দেবে মালিকরা তার বাস্তবায়ন করবে। কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে প্রতিমুহূর্তে শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এবং শিল্পের সুরক্ষার স্বার্থে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন মালিকরা।
গাজীপুরে আবারও পুলিশ বক্সে হামলা পোশাকশ্রমিকদের, শোরুম ও পিকআপে আগুন:
গাজীপুরের সফিপুর এলাকার জেলা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত পোশাকশ্রমিকেরা। এর আগে চন্দ্রা এলাকার অপর একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করেন শ্রমিকেরা।
এ ছাড়া সফিপুর এলাকার একটি প্রাইভেট হাসপাতালে হামলা চালায় উত্তেজিত শ্রমিকেরা। উপজেলার চন্দ্রায় একটি কারখানার সামনে ইলেকট্রনিক পণ্যের শোরুম ও একটি পিকআপেও আগুন দেয় শ্রমিকেরা।
এর আগে সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। উত্তেজিত শ্রমিকেরা ফাঁড়ির ফটক, কার্যালয়ের কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করেন।
মিরপুরে পোশাককর্মীদের ওপর হামলা, সড়ক অবরোধ:
রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানার আন্দোলনরত কর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকজন পোশাককর্মী আহত হন। এরপরই পোশাককর্মীরা সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের পোশাক কারখানার কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।
স্থানীয় ইপিলিয়ন গ্রুপের পোশাককর্মীদের অভিযোগ, বেতন বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন।
জানা গেছে, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ১০টা থেকে পল্লবী মেট্রো রেলস্টেশন এলাকার সড়ক অবরোধ করে পোশাককর্মীরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।