গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ
নিজস্ব সংবাদদাতা:
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত করে নতুন করে পানিবণ্টন চুক্তি করার দাবি জানিয়েছেন রাজনৈতিক ও সমাজিক আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলেছেন, শুধু দ্বিপক্ষীয় আলোচনায় নয়, ভারত, নেপাল ও চীনকে সম্পৃক্ত করে বহুপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে নতুন চুক্তিতে পৌঁছাতে হবে।
তাহলেই পানির ন্যায্য হিস্যা আদায়ের পথ তৈরি হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ফারাক্কা চুক্তির ৩০ বছর : অভিন্ন নদীর পানিবণ্টন ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন তারা।
সভায় গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, মওলানা ভাসানী শিখিয়ে গেছেন, পানির ন্যায্য হিস্যার লড়াই জনগণকে সঙ্গে নিয়েই করতে হবে। এটি শুধু পানির অধিকার নয়, দেশের স্বার্থ, মানুষের জীবন ও পরিবেশের সঙ্গেও জড়িত।
তাই জনগণকে ঐক্যবদ্ধ করে ন্যায্য হিস্যা আদায়ের আন্দোলন জোরদার করতে হবে।
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, জনগণের মধ্যে এমন জাগরণ তৈরি করতে হবে, যাতে রাষ্ট্র জনগণের স্বার্থ রক্ষায় কার্যকর চুক্তি করতে বাধ্য হয়। নদীর পানিবণ্টন সংক্রান্ত নতুন চুক্তিতে গ্যারান্টি ও আরবিট্রেশন ক্লজের পাশাপাশি পানিবায়ু পরিবর্তনজনিত বিষয়গুলোও অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং অন্যান্য দেশকে সম্পৃক্ত করে বহুপক্ষীয় চুক্তির উদ্যোগ প্রয়োজন।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে নদী ও পানির সমস্যার দ্রুত সমাধান করতে হবে। এ ক্ষেত্রে শুধু ভারতের দিকে তাকিয়ে না থেকে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। অন্যথায় ২০৫০ সালের মধ্যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।