চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন!
চট্টগ্রাম সংবাদদাতা:
আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলারের বাজারে অস্থিরতা, ব্যাংকের ১৬ শতাংশ সুদ, অগ্রিম আয়কর এবং শতভাগ মার্জিনের চাপে তারা এখন দিশেহারা। এই চতুর্মুখী চাপে পড়ে ব্যবসা চালিয়ে রাখার পরিবর্তে পুঁজি হারিয়ে অনেকেই নিজেদের গুটিয়ে নিচ্ছেন। ছোট ব্যবসায়ীরা সরে যাওয়ায় নিত্যপণ্যের বাজার এখন বড়দের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এতে আমদানির বিকল্প উৎসগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাজারে একচেটিয়া আধিপত্য তৈরির মারাত্মক ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।
এ সংকটের স্পষ্ট প্রমাণ মিলেছে চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জের ব্যাংকিং তথ্যে। একটি বেসরকারি ব্যাংকের হিসাব বলছে, ২০২৪ সালে এসএমই খাতে এলসি নিষ্পত্তি হয়েছিল ৫৮ লাখ ৬০ হাজার ডলার। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ২৫ লাখ ২০ হাজার ডলারে। চলতি ২০২৬ সালে তা আরও কমে নেমেছে মাত্র ১২ লাখ ৩০ হাজার ডলারে। অর্থাৎ, দুই বছরে ছোট ব্যবসায়ীদের ঋণপত্র খোলা কমেছে প্রায় ৭৯ শতাংশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের প্রফেসর ড. সেলিম উদ্দিন কে জানালেন, ‘দেশের মোট ব্যবসার ৭০ থেকে ৮০ শতাংশে এসএমই উদ্যোক্তারা ভূমিকা রাখেন। তারা পচনশীল ও নিত্যপণ্য দ্রুত বাজারে এনে সরবরাহ সচল রাখেন। বর্তমানে ঋণ সংকট ও উচ্চ সুদে এই খাত বড় ধাক্কার মুখে। ছোটরা হারিয়ে গেলে পুরো বাজার গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে চলে যাবে। যা দীর্ঘমেয়াদে পণ্যবাজারে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে।’
বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী কে বললেন, ‘বাজার স্থিতিশীল ও ভারসাম্য রাখতে ছোট-বড় সব ব্যবসায়ীর প্রয়োজন আছে। ছোটরা হারিয়ে গেলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে। সরকারের রাজস্ব ও কর্মসংস্থান কমে যাবে।’
খাতুনগঞ্জের ব্যবসায়ী জারিফ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মঞ্জুর মোর্শেদ কে জানালেন, ক্ষুদ্র আমদানিকারকরাই নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখেন। কিন্তু ডলারের লাগামহীন দামে উৎসাহ হারাচ্ছে সবাই। এর ওপর ব্যাংকের চড়া সুদ ও অগ্রিম আয়করের (এআইটি) বোঝা জিম্মি করে ফেলেছে। সরকারের নীতিগত সহায়তা ও ব্যাংকিং জটিলতা না কমালে আমাদের টিকে থাকা অসম্ভব।
ডলার সংকটের কারণে ব্যাংকগুলো এখন স্পট রেট নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। বড় গ্রুপগুলোর নিজস্ব রপ্তানি আয় আছে। তারা বিদেশ থেকে বাকিতে পণ্যও আনতে পারে। কিন্তু ছোট ব্যবসায়ীদের নগদ স্পট রেটেই ডলার কিনতে গিয়ে বেকায়দায় পড়তে হচ্ছে। পাশাপাশি ব্যাংক ঋণের সুদ এখন ১৬ শতাংশ। তাছাড়া ঋণ ও আমানতের সুদের ব্যবধান (স্প্রেড) ৪ শতাংশে সীমিত থাকায় ব্যাংকগুলো ছোটদের ঋণ দিতে আগ্রহী নয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।