সংলাপের সম্ভাবনা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী
ইসরায়েল আর বিএনপি-জামাতের হামলার মধ্যে তফাৎ নেই
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সন্ত্রাসী ও খুনিদের দল, তাদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা পুলিশ খুন করেছে, বাসে আগুন দিয়েছে তাদের সঙ্গে কিসের আলাপ, কিসের বৈঠক? বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়টি জনগণও চায় না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আহ্বানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কার সঙ্গে সংলাপ? কিসের সংলাপ? তাদের দেশে (যুক্তরাষ্ট্র) বাইডেন সাহেব কি ট্রাম্প সাহেবের সঙ্গে ডায়ালগ (সংলাপ) করে। যেদিন বাইডেন সাহেব ট্রাম্পের সঙ্গে সংলাপ করবে, সেদিন আমরাও সংলাপ করব।’
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলাদা কোন নির্বাচনকালীন সরকার থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচন কেউ ঠেকাতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নির্বাচন হবে এবং সময়মতোই হবে। নির্বাচন থামাতে পারবে না, আগেও পারেনি, এবারও পারবে না।
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, আর বিএনপি-জামাতের হামলার মধ্যে কোনো তফাৎ দেখেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, গাজায় হাসপাতালে যেমন ইসরায়েল হামলা করেছে, তেমনি এখানেও ওরা পুলিশ হাসপাতালে হামলা করেছে। মনে হচ্ছে, ইসরায়েল আর তাদের মধ্যে ভালো একটা সমঝোতা রয়েছে। ঠিক একইভাবে ওখানে শিশু-নারী হত্যা, এখানে পুলিশ-মানুষকে হত্যা করছে। আমি কোনো তফাৎ দেখি না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।