হাইমচরে বছরে ১০০ কোটি টাকার সুপারি বাণিজ্য
মেঘনাপাড়ের উপজেলা হাইমচরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সুপারি। মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৩৪ বর্গকিলোমিটারের এ উপজেলার ৫ হাজার ১৫২ হেক্টর আবাদি জমির মধ্যে ৫২৮ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সুপারি সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ খাতকে ঘিরে গড়ে উঠেছে বিস্তৃত পাইকারি ও খুচরা বাণিজ্য।
কৃষক ও ব্যবসায়ীদের হিসাবে, হাইমচরে বছরে প্রায় ১০০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার মানুষ। তবে স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিদেশ থেকে সুপারি আমদানি বন্ধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। উপজেলার বিভিন্ন হাটবাজার, সুপারির আড়ত ও উৎপাদন এলাকা ঘুরে এবং কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, হাইমচরের মেঘনার পূর্ব পাড়ের গ্রামগুলোতে বাড়ি, বাগান ও পানের বরজের চারপাশজুড়ে রয়েছে সুপারিগাছ। অনেক বাড়িতেই সুপারিগাছ পারিবারিক সম্পদের অংশ হয়ে উঠেছে। চরাঞ্চল হওয়ায় এ এলাকার মানুষের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন কৃষি। আর সুপারি সেই কৃষিনির্ভর অর্থনীতিতে যুক্ত করেছে বাণিজ্যিক সম্ভাবনা।
বাংলা সনের ভাদ্র ও আশ্বিন মাসে সুপারির ফলন ও বেচাকেনা সবচেয়ে বেশি হয়। এ সময় উপজেলার বিভিন্ন বাজার ও সড়কের পাশে কৃষকদের কাছ থেকে সুপারি সংগ্রহ করেন পাইকারি ব্যবসায়ীরা। পরে এসব সুপারি নিয়ে যাওয়া হয় উপজেলার বৃহত্তম পাইকারি সুপারির আড়ত হাওলাদার বাজারে। সেখানে ১০ থেকে ১৫ জন বড় পাইকারি ব্যবসায়ী রয়েছেন। তাঁরা স্থানীয়ভাবে সংগৃহীত সুপারি কিনে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন।
গন্ডামারা গ্রামের বাসিন্দা মানিক শিকদার বলেন, হাইমচরের সুপারি বাণিজ্য টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন। বিদেশ থেকে সুপারি আমদানি করা হলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই দেশীয় উৎপাদকদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।