মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট মেশিন বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক:
দেশের মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁগুলোতে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডেটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারি করা চিঠির মাধ্যমে মাঠ পর্যায়ের কমিশনারদের এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
এনবিআর জানিয়েছে, যথাযথভাবে ভ্যাট আদায়ের লক্ষ্যে সম্প্রতি এনবিআর চেয়ারম্যান দেশের মহাসড়কে অবস্থিত সব হোটেল ও রেস্তোরাঁয় ইএফডি বা এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারি করা চিঠিতে মাঠ পর্যায়ের কমিশনারদের দেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপন এবং প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে নজরদারি (মনিটর) করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা সাধারণকে মহাসড়কের সব রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ গ্রহণের আহ্বান জানিয়ে এনবিআর বলেছে, ভ্যাট চালান গ্রহণ না করলে ক্রেতারা যে ভ্যাট পরিশোধ করেছেন, তা সরকারি কোষাগারে জমা হবে না। প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রসিদগুলোর মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ভ্যাটদাতাদের শতাধিক পুরস্কার দেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।