বন্ধ যান চলাচল, হেঁটেই গন্তব্যে যাচ্ছেন মানুষজন
নিজস্ব প্রতিবেদক:
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে লম্বা সময় ধরে মহাখালী-গুলশান লিংক রোড বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে করে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। তৈরি হয়েছে জনভোগান্তি। বিশেষ করে অসুস্থ এবং নারীরা পড়েছেন মহাবিপাকে। গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে মাঝ রাস্তায় আটকে গিয়ে বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে তাদের। এ সময় অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে বাগবিত-ায় জড়াতেও দেখা গেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সড়ক অবরোধ করেন অর্ধশতাধিক শিক্ষার্থী।
মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পায়ে হেঁটে মহাখালী যাচ্ছিলেন জয়নাল আবেদীন। আর সঙ্গে থাকা তার স্ত্রীর একহাতে ব্যাগ এবং অন্য হাতে অসুস্থ স্বামীকে ধরে রাখতে দেখা যায়।
অসুস্থ জয়নাল বলেন, খুবই কষ্ট হচ্ছে। ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলাম। বের হয়ে দেখি কোনো রিকশা বা গাড়ি নেই। আমার বাড়ি কুড়িগ্রাম। সেজন্য মহাখালী বাস কাউন্টারে যাব। কোনো গাড়ি বা রিকশা না পেয়ে পায়ে হেঁটেই সেখানে যাচ্ছি।
রবিউল ইসলাম নামের আরেক পথচারী বলেন, কোনো কিছু হলেই রাস্তা বন্ধ করে দেওয়ার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। মানুষজনের কষ্ট হচ্ছে অনেক। মানুষকে কষ্ট দিয়ে কী লাভ? দ্রুত এই বিষয়ে একটি সমাধান হওয়া উচিত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।