‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করুন’
বর্তমান সংকট থেকে দেশ ও মানুষের মুক্তি পেতে চলতি ব্যবস্থার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বর্তমান সংকট থেকে উত্তরণে 'আগামী সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে' -সরকারকে এই ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এখনই নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ, তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করুন।'
সোমবার খুলনা জেলা সিপিবি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাজনীতিতে দ্বি-দলীয় ধারার বিপরীতে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, দুঃশাসনের অবসান ঘটিয়ে ব্যবস্থা বদল ছাড়া মানুষের মুক্তি নেই। সরকারের দায়িত্বহীন আচরণের কারণে বিদেশি সম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশে অযাচিত হস্তক্ষেপ করছে।'
তিনি সরকারের দুঃশাসন ও দেশি-বিদেশি লুটেরা-আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, পদ্মা সেতু হলো, অথচ খালিশপুর, রূপসার কল-কারখানা বন্ধ হলো। শ্রমজীবী মানুষের মুক্তি এলো না, দক্ষিণাঞ্চলের বঞ্চনা দূর হলো না। এ অবস্থার অবসানে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যার যার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন, গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।