নামেই দাম নির্ধারণ, ৭০০ টাকায় বিক্রি গরুর গোশত
বিভিন্ন গণমাধ্যমের খবরে ক্রেতা জেনে এসেছেন, চলতি মাসে প্রতি কেজি গরুর গোশতের দাম থাকবে ৬৫০ টাকা। অথচ স্থানীয় ব্যবসায়ীরা ৭০০ টাকা কেজি দরে গোশত বিক্রি করছেন। গোশত ব্যবসায়ী সমিতির দাম নির্ধারণ কি নামে মাত্র? কেউ তো নির্দেশনা মানছে না, তারা তো সেই ৭০০ টাকায় বিক্রি করছে।
ব্যবসায়ীরা বলছেন, যারা গরু কিনে বা গোশত কিনে এনে স্থানীয় পর্যায়ে বিক্রি করছে তারাই জানে- ৭০০ টাকায় বিক্রির পরও লস হয়ে যাচ্ছে। এর চেয়ে কম দামে বিক্রি করার কোনো উপায় নেই আমাদের। বেশি দামে কিনে এনে ৬৫০ টাকায় গোশত বিক্রি করলে আমাদের আর ব্যবসা করা লাগবে না।
গত বুধবার (৬ ডিসেম্বর) মোহাম্মদপুরে গোশত ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মিলিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়- বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকায় ৬৫০ টাকা কেজিতে গরুর গোশত বিক্রি হবে।
গোশত ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মন্টু বলেন, বৃহস্পতিবার থেকে রাজধানীতে এক মাসের জন্য ৬৫০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি মাসে গরু কেনাকাটার ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হবে। একমাস পর আবার বসে দাম পুনরায় নির্ধারণ করা হবে।
কিছুটা ক্ষুব্ধ এক ক্রেতা বলেন, আসলেই যদি দাম নির্ধারণ করা হয় তাহলে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা থাকতে হবে, যারা বেশি দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের জিম্মি করে ব্যবসায়ীরা বেশি দাম আদায় করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।