চীন ও ভারতের কাছে বন্যার পূর্বাভাসের তথ্য চাইবে বাংলাদেশ
আকস্মিক ও বড় ধরনের বন্যার পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে চীন, ভারত, নেপাল ও ভুটানসহ কয়েকটি দেশের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ জন্য ওই দেশগুলোর সঙ্গে আলোচনা ও যোগাযোগ জোরদার করা হবে।
গতকাল শনিবার রাজধানীর পানি ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর কর্মকা-ের পর্যালোচনা সভায় পানিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
পানিসম্পদ উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী ও কুমিল্লায় গণশুনানি করা হবে। জনগণের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সব বাধা দূর ক রতে হবে। উপদেষ্টা এ সময় ফেনী নদীর মাছের ঘেরসহ সব অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
হাওরে যাতে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি না হয়, তা নিশ্চিতের আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, হাওরে স্থাপনা নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তর এবং হাওর ও পানিভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের সব পাম্প চালু করার উদ্যোগ নিতে হবে। এ ছাড়া এ অঞ্চলে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করতে হবে।
সভায় যৌথ নদী কমিশনের কার্যক্রম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যানিয়ন্ত্রণ পূর্বাভাসব্যবস্থা, হাওর এলাকায় কার্যক্রম এবং গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা এসব প্রকল্পের সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।