একদলীয় শাসনের বিরুদ্ধে জাতি জাগছে -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠার বিরুদ্ধে গোটা জাতি জাগছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর শেরেবাংলা নগরে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকেও ক্ষমতাসীন সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠা চেষ্টার বিরুদ্ধে গোটা জাতি জেগে উঠেছে। জাতি আজ সংকটে। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গোটা জাতি জেগে উঠেছে। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, আমরা সেই লড়াই-সংগ্রামে জয়ী হব।’
তিনি বলেন, জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ। তিনি যুদ্ধের ঘোষণা দিয়ে নিজে নেতৃত্ব দিয়েছেন। পরে ৭ নভেম্বরও তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছিলেন। হতাশাগ্রস্ত জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন। তিনি সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশের মানুষ নতুনভাবে উজ্জীবিত হয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করে। তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। মুক্তবাজার অর্থনীতি উপহার দিয়েছেন। আজ আধুনিক বাংলাদেশের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন জিয়াউর রহমান।
বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে দেশকে উন্নতি ও অগ্রগতির দিকে নিয়ে যেতে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, তাকে আমরা বেশিদিন পাইনি। বাংলাদেশের শত্রুদের হাতে তিনি শহীদ হয়েছেন। বর্তমানেও আমরা তার আদর্শ ও ১৯ দফাকে সামনে রেখে আমরা পথ চলছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।