অভাবে এক দিনের সন্তানকে অন্যের হাতে দিলো বাবা!
কুড়িগ্রাম সংবাদদাতা:
এক দিন আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন শফিকুল ইসলামের স্ত্রী। কিন্তু অভাবের সংসারে নবজাতককে ভরণ পোষণ নিয়ে শঙ্কা তারা। পরে ওই সন্তানকে গত শনিবার সকালে প্রতিবেশি এক মামাত বোনের হাতে তুলে দেয় শফিক।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামে এই ঘটনায় ঘটে। অভাবের তাড়নায় সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা তৈরি করেছে। তুলে দেওয়া শিশুটি শফিকুল-মরিয়ম বেগম দম্পতির পঞ্চম সন্তান বলে জানা গেছে।
গনাইরকুটি গ্রামের বাসিন্দা নাজমুল, শহিদুল ও আকবর আলী জানান, শফিকুলের নিজের কোনো জমি ও ঘরবাড়ি নেই। অন্যের বাড়িতে থাকেন। পার্শ্ববর্তী সোনাহাট স্থলবন্দরে পাথর ভাঙার কাজ করে খুব কষ্ট করে সংসার চালান। তাদের বর্তমানে তিনটি বাচ্চা আছে। সদ্য দত্তক দেওয়া সন্তানসহ দুটি কন্যাকে তিনি দত্তক দিয়েছেন।
শফিকুল বলেন, ‘আমি সোনাহাট স্থলবন্দরে পাথর ভাঙ্গা শ্রমিকের কাজ করি। আমার থাকার কোনো ঘর নাই। অন্যের বাড়িতে আশ্রিত থাকি। এই সামান্য আয় দিয়ে অসুস্থ স্ত্রীর চিকিৎসা, তিন সন্তানের ভরণ পোষণ ও সংসারের খরচ চালানো আমার পক্ষে সম্ভব না। তাই বাধ্য হয়ে বুকের ধনকে অন্যের হাতে তুলে দিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, ‘অভাবের তাড়নায় সন্তান দত্তক দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’ তবে খোঁজ খবর নিবেন বলে তিনি জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।