৩০০ কোটি টাকা গচ্চার আশঙ্কা: নিষেধাজ্ঞায় আটকা পুলিশের জন্য কেনা দুই হেলিকপ্টার
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া থেকে কেনা দুটি হেলিকপ্টার বাংলাদেশ পুলিশে যুক্ত হতে পারছে না। রুশ প্রতিষ্ঠান ‘জেএসসি রাশিয়ান হেলিকপটার্স’ এর সঙ্গে পুলিশের জন্য দুটি হেলিকপ্টার কেনার জন্য সরকারের চুক্তি হয় প্রায় পাঁচ বছর আগে। হেলিকপ্টার পরিচালনার জন্য চার জন পুলিশ কর্মকর্তাকে পাইলট প্রশিক্ষণও দেওয়া হয়। রক্ষণাবেক্ষণের জন্যও প্রশিক্ষিত জনবল প্রস্তুত করেছে পুলিশ। হেলিকপ্টার দুটি কেনার জন্য ৪২৮ কোটি টাকার মধ্যে ৩০০ কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করেছে। রাশিয়াতে ঐ দুই হেলিকপ্টার তৈরিও হয়ে গেছে। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরের একটি টিম রাশিয়ায় গিয়ে হেলিকপ্টার দুটি পর্যবেক্ষণও করে এসেছেন। তবে এতসব প্রস্তুতি সম্পন্ন হলেও এখনো আসেনি হেলিকপ্টার দুটি। হেলিকপ্টার দুটি এখন পুলিশের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। ফলে পাঁচ বছর আগে পুলিশে চালু হওয়া ‘এভিয়েশন উইং’ এখন অলস সময় পার করছে। আর সরকারের ৩০০ কোটি টাকা গচ্চা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
কবে নাগাদ হেলিকপ্টার দুটি বাংলাদেশে সরবরাহ করা হবে- জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর বলেন, ‘এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই।’ তবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হেলিকপ্টার সরবরাহ স্থগিত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজি) চিঠি দিয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৪ এর একজন উপসচিব বলেন, রাশিয়া থেকে দুই হেলিকপ্টার কেনার জন্য ইতোমধ্যে পরিশোধ করা ৩০০ কোটি টাকা ফেরত পাবার কোনো সুযোগ নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগকে চিঠি পাঠানো হবে। তাদেরকে আমরা জানাব যে হেলিকপ্টার দুটি রাশিয়া থেকে ক্রয় করা হচ্ছে, এসব হেলিকপ্টার সামরিক বাহিনীর জন্য নয়, এটি সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।