১২ হাজারে জাল ১ লাখ টাকা, মিলত হোম ডেলিভারি
১২ থেকে ২৫ হাজার টাকাতেই পাওয়া যেত জাল ১ লাখ টাকা। আর ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এই জাল টাকা ৭২ ঘণ্টার মধ্যে দেওয়া হতো হোম ডেলিভারি। এমনই এক চক্রের ৪ জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব বলছে, এই চক্রটি গত এক বছরে প্রায় ২ কোটি জাল টাকা বাজারে ছেড়েছে।
গত মঙ্গলবার রাজধানীর ডেমরা, খিলগাঁও ও সবুজবাগ থেকে এই চক্রের মূলহোতা আমিনুলসহ দিদার, সুজন ও সাদিককে গ্রেপ্তার করে র্যাব। এর মধ্যে আমিনুল ফটোশপ ও গ্রাফিক্সের কাজ করতো এবং বাকিরা গ্রাহক জোগাড় করতো।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
র্যাবের এই পরিচালক বলেন, ১ লাখ টাকা মূল্যের জালনোট ১২ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি করা হতো। আর তা ৭২ ঘণ্টার মধ্যেই হোম ডেলিভারি দেওয়া হতো। ফেসবুকে এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে আসছিল জালনোট তৈরি চক্রের সদস্যরা।
র্যাবের এই কর্মকর্তা জানিয়েছে, ফেসবুক পেজ ও গ্রুপ ব্যবহার করে দিদার, সুজন ও সাদিক জালটাকা বাজারে ছাড়ার কাজ তিনজনই করত। মূলত মাছ বাজার আর বাসস্টান্ডে জাল টাকা বাজারে ছাড়ত তারা।
চক্রটি গত এক বছরে প্রায় ২ কোটি জাল টাকা বাজারে ছেড়েছে জানিয়ে খন্দকার মঈন জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫২ লাখ জাল টাকা জব্দ করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।