দেশে সন্ত্রাসীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি -তথ্যমন্ত্রী
দেশে সন্ত্রাসীদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ সব কথা বলেন।
২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার খুনিদের উৎসাহিত করবে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো খুনিদের মুখপাত্র হিসেবে কথা বলছেন। আর ২১ আগস্ট তো ঘটানো হয়েছে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার অনুমোদনক্রমে। এখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অর্থাৎ খুনিদের সেই দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি তো খুনিদের মুখপাত্র হিসেবে এ কথাগুলো বলছেন। খুনিদের মুখপাত্রের বক্তব্য যেমন ঘৃণ্য, নিকৃষ্ট, জঘন্য ও মিথ্যাচার হয়, তিনি সে রকমই কথা বলছেন। সেটির জবাব আমি গতকাল দিয়েছি।
আগামীকাল জুমুয়া ও শনিবার বিএনপি গণমিছিল ঘোষণা করেছে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির গণমিছিল, হাঁটা মিছিল, দৌড়ানো মিছিল, বসা কর্মসূচি এগুলো কর্মীদের চাঙা রাখার জন্য করা হচ্ছে। কারণ জিরো পলিটিক্সের কারণে, যেগুলো পত্র-পত্রিকায় খবর এসেছে, সেগুলোর কারণে তাদের মধ্যে হতাশা ও অস্থিরতা দেখা যাচ্ছে। সেজন্য রাত ৩টাও সংবাদ সম্মেলনে ডাকছেন তারা। সেজন্য তাদের কর্মীরাও হতাশ, কর্মীদেরকে চাঙা রাখার জন্য একটু গণমিছিল, কোনো সময় বসা কর্মসূচি, কোনো সময় অন্য কর্মসূচি, এগুলো দিয়ে কর্মীদের চাঙা রাখার চেষ্টা করা হচ্ছে। এগুলো গতানুগতিক, অন্য কিছু নয়।
তিনি বলেন, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু ধার্মিক লোককে ধরে নিয়ে গিয়ে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে। যেমন দলের চেয়ারম্যান, তেমন দলের মহাসচিব। চেয়ারম্যান যে লাইনে কথা বলবে, মহাসিচব যদি সে লাইনে কথা না বলে তাহলে মহাসচিবের দায়িত্বে থাকবে না। এ সব বক্তব্যের মাধ্যমে, এটিই প্রমাণিত হয়, দেশে সন্ত্রাসীদের প্রধান পৃষ্ঠপোষক হলো বিএনপি ও বিএনপির নেতারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।