সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা -ডিএমপি
কোটা আন্দোলনে জানমাল অনিশ্চয়তায় পড়লে পুলিশ বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছেন তারা শিক্ষিত, মেধাবী। তারা কেন রাষ্ট্রের বিপক্ষে যাবেন? তারা নিশ্চয়ই সব কিছু পর্যবেক্ষণ করে ফিরে যাবেন।
তিনি বলেন, পুলিশ যখন অপারগ হয়ে যায়, তখনই অ্যাকশনটা আসে। যখন অগ্নিসংযোগ ও ধ্বংস করতে যায়, যখন জানমালের অনিশ্চয়তা তৈরি হয়, অনৈতিক কোনো পরিস্থিতি তৈরি হয়, তবে পুলিশ বসে থাকবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের যে নির্দেশনাটা এসেছিল, শিক্ষার্থীরা মনে করেছেন তাদের যে চিন্তা-ভাবনা, সেটা থেকে তাদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সে জন্য তারা রাস্তায় চলে এসেছিলেন।
আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশকে আমরা বলেছি, এদের ডিমান্ড যেটা আছে, সেটা আমরা শুনব। কিন্তু শোনারও একটা লিমিট বোধ হয় থাকে। তারা বোধ হয় এগুলো ক্রস করে যাচ্ছেন।
এদিকে কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কে এইচ মহিদ উদ্দিন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করার আহ্বান জানান তিনি।
আহ্বান না মানলে অপরাধ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা (আন্দোলনকারীরা) গত ১০ দিন ধরে রাস্তায় ছিল। আমরা তাদের সমস্যাগুলো বিবেচনা করেছি। কিন্তু তারা যদি এখন আমাদের আহ্বান না মানেন, তাহলে সেটা হবে অপরাধ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।