স্বতন্ত্র প্রার্থিতার শর্ত সহজ করে জামানত বাড়াতে চায় ইসি
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে নির্বাচন বিধিমালা ও আচরণবিধিতে সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব কমিশন সভায় অনুমোদন হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে- স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দেয়ার শর্ত তুলে দিয়ে জামানত বাড়ানো হবে।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত ১০ গুণ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের আগের জামানত বাড়িয়ে এক লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা করার প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।’
বর্তমান নির্বাচন বিধিমালায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ১০ হাজার এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের জামানত ৫ হাজার টাকা।
তিনি জানান, রঙিন পোস্টার ব্যবহার, স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর তুলে দেওয়ার প্রস্তাবসহ একগুচ্ছ সংশোধনে অনুমোদন দিয়েছে ইসি।
ইসি সচিব বলেন, ‘কমিশন সভায় অনুমোদিত প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ের পাঠানো হবে। সেগুলো ভেটিং শেষে বিধিমালা সংশোধন হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।