বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজারে সোনার সরবরাহ, চাহিদা-জোগান ও পার্শ্ববর্তী দেশের দাম বিবেচনায় নিয়ে প্রতিদিন দাম নির্ধারণ করে থাকি। বাজুসের দামের সঙ্গে আমাদের দামের পার্থক্য দুই থেকে আড়াই হাজার টাকার মতো হয়ে থাকে।”
আন্তর্জাতিক বাজারের চেয়ে দাম বেশি কেন, এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “বিদেশ থেকে ব্যাগেজ রুলসে যারা সোনা নিয়ে আসেন, তারা মুনাফা করেন। পাইকারি ব্যবসায়ীদেরও মুনাফার বিষয় আছে। এরপর আবার জুয়েলারি ব্যবসায়ীদের মুনাফা। এভাবে কয়েক ধাপে দাম কিছুটা বেড়ে যায়।”
“তবে আরেকটি বিষয় হলো, সোনার বাজার ডলারের বাজারের উপরও অনেকটা নির্ভর করে। ডলারের দাম বাড়লে, সোনার দাম বাড়ে-এটা সব সময়ই হয়ে আসছে।”
দেশে সোনার ব্যবসায় স্বচ্ছতা আনতে ২০১৮ সালে স্বর্ণ নীতিমালা করেছিলো সরকার। তারপর বাংলাদেশ ব্যাংক ২০১৯ সালের নভেম্বরে একটি ব্যাংকসহ ১৮টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে সোনা আমদানির লাইসেন্স দেয়। পরে আরও একটি প্রতিষ্ঠান লাইসেন্স পায়।
শুরুতে একাধিক প্রতিষ্ঠান কয়েকটি চালানে সোনা আমদানি করেছিলো। পরে বিদেশি মুদ্রার (ডলার) সংকট, অনুমতি পেতে সময়ক্ষেপণ ও বেশি ভ্যাটের কারণে আমদানিতে আগ্রহ হারান ব্যবসায়ীরা।
আমদানি হচ্ছে না কেন?
সোনা আমদানি হচ্ছে না কেন, এ প্রশ্নের উত্তরে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান বলেন, বিদ্যমান নীতিমালার আলোকে একজন ব্যবসায়ী চাইলে যে কোনো পরিমাণ সোনা বিদেশ থেকে বৈধ পথে আমদানি করতে পারেন। তবে এর জন্য প্রয়োজন পূর্বানুমোদন, অনাপত্তিপত্রসহ (এনওসি) বেশ কিছু কাগজপত্র। এ প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ। সে কারণে এখন দেশে বৈধ পথে সোনা আমদানি হয় না বললেই চলে।
তিনি বলেন, “সোনা আমদানি খুবই জটিল একটি প্রক্রিয়া। একটি আমদানি সম্পন্ন হতে দেড় থেকে পৌনে দুই মাস সময় লাগে। অথচ বর্হিবিশ্বে সাত দিনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। এই দীর্ঘ সময় মোটা অংকের টাকা আটকে থাকে। সে কারণে যারা আমদানি করতে যান, তাদের অনেক ক্ষতি হয়। এছাড়া শুল্কের হারও বেশি; প্রতি ভরিতে দুই হাজার টাকা দিতে হয়।”
বাজুস সভাপতি বলেন, “সব মিলিয়ে আমদানি করা সোনার যে দাম দাঁড়ায়, তা বাজারের দামের চেয়ে অনেক বেশি পড়ে। সে কারণেই এখন আর কেউ আমদানি করে না।
দাম নির্ধারণ কতটা যৌক্তিক?
সোনা বেচাকেনায় বিভিন্ন দেশে ‘কমোডিটি এক্সচেঞ্জ’ চালু থাকলেও বাংলাদেশে নেই। কমোডিটি এক্সচেঞ্জ এমন একটি ব্যবস্থা, যেখানে শেয়ারের মতো পণ্য কেনাবেচা হয়। পণ্য সরাসরি নয়, কাগুজে বা ইলেকট্রনিক পদ্ধতিতে কেনাবেচা হয়। আর মূল পণ্য থাকে কোনো গুদামে বা মাঠে। সেখান থেকে একটি নির্দিষ্ট সময় পর এটির চূড়ান্ত নিষ্পত্তি বা হস্তান্তর হয়।
জুয়েলারি ব্যবসায়ীরা বিভিন্ন সময় বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় সোনা কেনাবেচার ব্যবস্থা করলে তারা বৈশ্বিক দরের কাছাকাছি দরে সোনা কিনতে পারবেন। তখন ক্রেতারাও সেই সুবিধা পাবেন।
সোনার দরে ওঠানামার বিষয়ে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, “দেশের সোনার বাজার আসলে পুরোপুরিই বিশ্ববাজারের উপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, তার সঙ্গে সমন্বয় করে দাম ঠিক করা হয়।”
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে বার্ষিক সোনার চাহিদা ২০ থেকে ৪০ টন। এর মধ্যে ১০ শতাংশ পুরোনো অলংকার থেকে পূরণ হয়। বাকিটা ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে আসে।
অবৈধভাবেও প্রচুর সোনা দেশে আসে; তার প্রমাণ মেলে মাঝে-মধ্যেই ছোট-বড় অনেক চালান আটকের খবরে। যেগুলো আটক বা ধরা হয়-সেগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা হয়। পরে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। অভিযোগ আছে, আটকের বাইরেও প্রচুর সোনা অবৈধভাবেও দেশে আসে। আর এ গুলোই আসলে দেশের চাহিদার সিংহভাগ জোগান দিচ্ছে।
বাজুস কবে থেকে দেশে সোনার দাম নির্ধারণ করে দিচ্ছে-তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। স্বাধীনতার পর অনেক দিন ব্যবসায়ীরাই তাদের নিজেদের মতো করে দাম ঠিক করে বিক্রি করে বেচাকেনা করতো। সেক্ষেত্রে এলাকাভিত্তিক অর্থাৎ রাজধানী-বিভাগ-জেলা-থানা পর্যায়ে দাম হেরফের হতো।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, স্বাধীনতার আগে-পরে প্রতি ভরি সোনার (গিনি সোনা বা প্রচলিত মান) দাম ছিলো আনুমানিক ১৫০ টাকা থেকে ১৭০ টাকা। ১৯৭৪ সালে বেড়ে হয় ১ হাজার ২০০ টাকা। ১৯৯২ সালে ভরি ছিলো ৪ হাজার ৮৫০ টাকা। ২০০০ সালে এক ভরি সোনা কিনতে ৭ হাজার টাকারও কম খরচ হতো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।