মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
গ্যাসের ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে শিল্পকারখানায়। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার তুলনায় কম উৎপাদন করেছে। কিছু কারখানাকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধও রাখতে হয়েছে।
গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং ও সরবরাহে বিঘœ দেখা দিয়েছে। বাসাবাড়ির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানও এর শিকার হয়েছে। বিদ্যুৎ সরবরাহের ঘাটতি সামাল দিতে অনেক প্রতিষ্ঠানকে ব্যয়বহুল ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে হয়েছে। এতে উৎপাদন খরচ বেড়েছে।
জ্বালানি সংকটের প্রভাব শুধু কারখানার ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা কমাতে সরকার শপিং মল ও খুচরা বিক্রয়কেন্দ্র আগেভাগে বন্ধ রাখার মতো জরুরি ব্যবস্থাও নিয়েছে। গৃহস্থালি ও পরিবহন খাতেও সংকটের প্রভাব পড়েছে। রান্নার গ্যাস সংগ্রহে ভোগান্তির পাশাপাশি সংকুচিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি স্টেশনে দীর্ঘ সারি তৈরি হয়েছে।
শিল্প উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়াতে নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী জ্বালানি সরবরাহ প্রয়োজন। কিন্তু উৎপাদনের জন্য পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ না পাওয়া এবং বিকল্প জ্বালানির বাড়তি খরচ ব্যবসার পরিকল্পনাকে অনিশ্চিত করে তুলছে। দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি চললে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি করা কঠিন হতে পারে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে ১২ মাসের চলমান গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল। ফলে খাদ্যপণ্যের বাইরেও বিভিন্ন পণ্য ও সেবার ব্যয় সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করেছে।
জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এই চাপ বাড়িয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে খুচরা বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৭ শতাংশ এবং জ্বালানির দাম ১৫ থেকে ২১ শতাংশ বেড়েছিল। সেপ্টেম্বরে জ্বালানির দাম গড়ে আরও ১৫ শতাংশ বাড়ে। এসব মূল্যবৃদ্ধি উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়িয়েছে। সরবরাহব্যবস্থার অদক্ষতা এবং অর্থ সরবরাহের ধারাবাহিক বৃদ্ধিও মূল্যস্ফীতির চাপ ধরে রাখতে ভূমিকা রেখেছে।
এর প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের প্রকৃত আয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে স্বল্প মজুরির শ্রমিকদের প্রকৃত মজুরি বৃদ্ধির হার ঋণাত্মক ছিল। ২০২৬ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে এই হার সাময়িকভাবে ইতিবাচক হলেও অর্থবছরের শেষ দিকে আবার ঋণাত্মক হয়ে পড়ে। ২০২৬-২৭ অর্থবছরের আগস্টেও এ পরিস্থিতি অব্যাহত ছিল।
প্রশ্ন হলো, আন্তর্জাতিক বাস্তবতার এই চাপের পুরো বোঝা কি সাধারণ মানুষের ওপর বর্তানো উচিত? অর্থনীতির হিসাব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ মানুষের জীবন ও জীবিকার হিসাবও।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে মোটরসাইকেলনির্ভর কর্মজীবীদের ওপর। বর্তমানে হাজার হাজার তরুণ রাইড শেয়ারিং, অনলাইন ডেলিভারি, কুরিয়ার সেবা ও বিভিন্ন পরিবহনভিত্তিক পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। তাদের অধিকাংশের আয় নির্ভর করে দৈনিক ট্রিপসংখ্যার ওপর। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে তাদের প্রতিদিনের ব্যয় বেড়ে গেলেও আয় সেই অনুপাতে বাড়বে না।
জ্বালানি মূল্যবৃদ্ধির দ্বিতীয় বড় অভিঘাত আসে পরিবহন খাতে। বাংলাদেশে যাত্রী ও পণ্য পরিবহনের বড় অংশই ডিজেলনির্ভর। ফলে ডিজেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। ইতিমধ্যে পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে নিম্ন ও মধ্যবিত্ত কর্মজীবী মানুষের ওপর, যারা প্রতিদিন কর্মস্থলে যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর নির্ভরশীল। কিন্তু সমস্যার গভীরতা এখানেই শেষ নয়। জ্বালানি মূল্যবৃদ্ধির প্রকৃত অভিঘাত শুরু হয় বাজারব্যবস্থায়। কৃষকের খেত থেকে বাজারে সবজি পৌঁছানো, খামার থেকে মাছ-গোশত পরিবহন, শিল্পকারখানা থেকে ভোক্তার কাছে পণ্য সরবরাহ- সবকিছুতেই পরিবহন ব্যয় একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফলে জ্বালানির দাম বৃদ্ধির কারণে প্রায় সব ধরনের পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যয় বেড়ে যাবে। ফলে তার প্রভাব সব কিছুতেই পড়বে।
একটি দীর্ঘমেয়াদি প্রশ্ন বার বার সামনে উঠে এসেছে: এই জ্বালানি সংকটের দায় আদতে কার? আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতাকে ঢাল হিসেবে ব্যবহার করা হলেও, আমাদের অভ্যন্তরীণ জ্বালানি খাতের অপচয়, সিস্টেমে থাকা বড় ধরনের অদক্ষতা, উচ্চ হারের সিস্টেম লস এবং দুর্নীতি বন্ধে কার্যকর সংস্কার পরিলক্ষিত হয়নি।
এই সংকট থেকে উত্তরণ কোনো সাময়িক মলমপট্টি বা পরিবহণ ভাড়া নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সুদূরপ্রসারী ও আমূল নীতিগত পরিবর্তন।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।