সীমান্তে বাঁধ দিচ্ছে বাংলাদেশ, দুঃশ্চিন্তায় ভারত
আল ইহসান ডেস্ক:
ভারতের বিলোনিয়া সীমান্ত শহরের বিপরীতে দক্ষিণ ত্রিপুরা বরাবর মুহুরি নদীর তীরে আরেকটি বড় বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ সরকার। বাঁধটির কারণে মৌসুমি বন্যার শঙ্কায় ভুগছেন ওপার সীমান্তের বাসিন্দারা। ফলে, পরিস্থিতি পর্যবেক্ষণে ওই এলাকায় একটি প্রতিনিধিদল পাঠিয়েছে ত্রিপুরা প্রশাসন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, এই বাঁধ নির্মাণের মাধ্যমে ভারতীয় সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, বর্ষার বন্যার সময় গ্রামগুলোতে বন্যা সৃষ্টির কারণ হতে পারে বাঁধটি। এ জন্য নির্মাণস্থল পর্যবেক্ষণের জন্য গত রোববার (২০ এপ্রিল) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠিয়েছে ত্রিপুরার রাজ্য সরকার, যার নেতৃত্ব দিচ্ছে ত্রিপুরা পাবলিক ওয়ার্কস বিভাগের সচিব কিরণ।
প্রতিবেদনে বলা বলেছে, পরিদর্শনের সময় দুদেশকে বিভক্তকারী মুহুরি নদীর তীরে বাংলাদেশ সরকারের নির্মিত বাঁধটির কারণে ভারতে কেমন প্রভাব পড়তে পারে, সেই বিষয়টি যাচাই করে দেখেছে প্রতিনিধিদল।
ত্রিপুরা রাজ্য সরকারের কর্মকর্তা আরও বলেছে, ২০২৪ সালের আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মুহুরি নদীর পাড়ঘেঁষে নির্মিত বহু বাঁধ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সরকার ইতোমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ৪৩টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের আরও দাবি, এর আগেও উত্তর ত্রিপুরার উনাকোটি জেলার সীমান্তবর্তী এলাকায় একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই বাঁধের কারণে বর্ষার সময় কৈলাশহর শহর ও আশপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা বাড়ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।