সর্বনাশা মাদক: আসক্তির শীর্ষে তরুণরা
দেশে মাদকের বিস্তৃতি ভয়াবহ রূপ লাভ করেছে। দেশের বর্তমান আর ভবিষ্যতের সব সম্ভাবনা ধ্বংসের মূলেই মাদক। মাদকাসক্তদের শীর্ষে দেশের তরুণ সমাজ। সর্বনাশা মাদকের মরণ ছোবলে আক্রান্ত তরুণ ও যুবসমাজ ভয়াবহ বিপর্যয়ের মুখে। বর্তমান সমাজে মাদক জন্ম দিচ্ছে একের পর এক অপরাধ।
বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বেশি মাদকাসক্ত। এছাড়া বাংলাদেশে এমন কোনো পেশা নেই, যে পেশায় মাদকসক্ত ব্যক্তি নেই।
বিশেষজ্ঞরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক হারে মাদক ঢুকছে। মাদকাসক্ত তরুণদের মধ্যে শিক্ষিতের হারই বেশি। অল্প বয়সে তারা জটিল রোগে আক্রান্ত হচ্ছে, অনেকে শিক্ষাজীবন থেকে ঝরে যাচ্ছে। অনেক অভিভাবক এসে কান্নাকাটি করেন। তাদের করুণ কাহিনী শুনে হতবাক হয়ে যান বিশেষজ্ঞরা।
দেশের সর্বত্র মাদক এখন সহজলভ্য। শহর-নগর, গ্রামসহ মফস্বল এলাকায়ও হাত বাড়ালেই পাওয়া যায়।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘিরে ভয়ংকর মাদক সিন্ডিকেট নিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ পাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনীতি নিয়ে দলগত বিরোধ থাকলেও মাদক ব্যবসায় জড়িত রাজনৈতিক নেতাকর্মীরা তাদের এই অবৈধ ব্যবসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ। বর্তমানে ক্ষমতাসীনদের একশ্রেণির নেতাকর্মীর পৃষ্ঠপোষকতা পাচ্ছে মাদক ব্যবসায়ীরা। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইচ্ছা করলেও মাদকের প্রসার নিয়ন্ত্রণ করতে পারছে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।