শেখ হাসিনার চীন সফরের আগে যে বার্তা দিচ্ছে ভারত
ভারত সফরের দু’সপ্তাহের মাথায় আগামী ৮ জুলাই চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় দু’পক্ষের মধ্যে ৫০০ কোটি ডলারের ঋণসহ বিভিন্ন বিষয়ে চুক্তি বা সমঝোতা হবে বলে আশা করা হচ্ছে। সেখানে উঠে আসতে পারে তিস্তা প্রকল্পের কথাও।
এই বিষয়টি নিয়েই বিশেষভাবে চিন্তিত ভারত। নয়াদিল্লি চায় না, তাদের আরও একটি সীমান্তের কাছে চীনের কোনো ধরনের উপস্থিতি থাকুক।
শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে মোদী নিজেই জানিয়েছিলো, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার জন্য শিগগির বাংলাদেশে আসবে ভারতের একটি টেকনিক্যাল টিম।
তিস্তা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে ভারতের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এই প্রকল্পে প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহী চীন। এ নিয়ে জোরালো আপত্তি রয়েছে দিল্লির।
ভারতীয় সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষাকালের উদ্বৃত্ত পানি ধরে রাখার জন্য তিস্তায় কোনো পানিধারের প্রয়োজন রয়েছে কি না, তা পরীক্ষা করবে ভারতের প্রতিনিধি দল। চীন এই পানিধার নির্মাণের প্রস্তাব দিয়েছে বলে দাবি করা হয়েছে।
হাসিনা-মোদী বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা বলেছিলো, অভিন্ন পানিসম্পদের ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। সে জানায়, ভারতের টেকনিক্যাল টিম তিস্তার পানি পুনরুদ্ধার প্রকল্পের মূল্যায়ন করবে।
ভারতীয় সংবাদমাধ্যমের মতে, এটি ভারতের পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত যে, বাংলাদেশের সঙ্গে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় বেইজিংয়ের জড়িত হওয়ার প্রয়োজন নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।