শীতের ভোরে ভিজলো খুলনা, তিন দিন বৃষ্টির সম্ভাবনা
মৌসুমি লঘুচাপের প্রভাবে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল। এদিন ভোর ৪টা থেকেই খুলনায় বৃষ্টি শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত খুলনায় ২৯ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। এ বৃষ্টি জুমুয়াবার পর্যন্ত থেমে থেমে চলতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, ঢাকাসহ দেশের তিনটি বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান সইকৃত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ-পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।
এছাড়া গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।