রুশ রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি’র বিবৃতি
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর এবার ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মান্টিটস্কির ওপরও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েছে বলে যে বক্তব্য দিয়েছে মান্টিটস্কি, মূলত তা নিয়েই ক্ষোভ দলটির। রুশ রাষ্ট্রদূতের এ বক্তব্য অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও আওয়ামীসূলভ বলে দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে।
গতকাল জুমুয়াবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় তথা গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য রাশিয়ার প্রতি আহ্বানও জানানো হয়েছে।
বিবৃতিতে ভোট নিয়ে রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের কড়া সমালোচনা করে বলা হয়, তার এই বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ের বাইরের সব বাংলাদেশি নাগরিক নিজেদের অধিকার ও স্বাধীনতা হারিয়ে নিজ দেশে পরাধীন। গত ১৫ বছর ধরে, গণবিদ্বেষী সরকার যে দুর্নীতি, দুঃশাসন ও দমন- দুর্বৃত্তায়ন চালিয়েছে, সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ তাতে বৈষম্য, অবিচার ও নিপীড়নের শিকার হয়েছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।