রাশিয়ার সঙ্গে আমদানি-রপ্তানির সরাসরি বিনিময় ব্যবস্থা চায় বাংলাদেশ
রাশিয়ার সঙ্গে আমদানি-রপ্তানি তথা লেনদেন কম খরচে, দ্রুত ও সহজ করতে সরাসরি মুদ্রা বিনিময় ব্যবস্থা চালুর বিষয়টি দ্রুত নিষ্পত্তিতে জোর দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুদেশের আমদানি-রপ্তানির ভারসাম্যের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মান্টিটস্কি বাংলাদেশ সরকারের নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বর্তমানে রাশিয়ার মুদ্রা রুবলের সঙ্গে বাংলাদেশের মুদ্রা টাকা সরাসরি বিনিময় করা যায় না। এক্ষেত্রে ইউরো বা ডলারের মাধ্যমে অর্থাৎ তৃতীয় মুদ্রার (বিনিময় প্রত্যাশী দুই মুদ্রার বাইরে অন্য কোনো মুদ্রা) মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হয়। এতে একদিকে খরচ যেমন বেশি হচ্ছে, সময়ও লাগছে বেশি। এরই পরিপ্রেক্ষিতে দুদেশের মধ্যে লেনদেন কম খরচে, দ্রুত ও সহজ করতে সরাসরি বিনিময় হার চালু করতে চায় বাংলাদেশ।
এদিন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ অফিস কক্ষে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে আহসানুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। সময়ের ব্যবধানে এ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। উভয় দেশের সম্পর্ক বিশেষ করে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাশিয়া সরকারের প্রতি আহ্বান জানাই।
রাশিয়া বাংলাদেশ থেকে আমদানির চেয়ে রপ্তানি বেশি করে উল্লেখ করে এই ব্যবধান কমানোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য রাশিয়াতে আমদানির আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।