মালদ্বীপে কর্মী পাঠাতে সিন্ডিকেট থাকবে না -প্রবাসী কল্যাণ সচিব
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, দেশের কর্মক্ষম ২৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে। বৈদেশিক এ কর্মসংস্থান না হলে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ১০ শতাংশ বেড়ে যেত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
মুনিরুছ সালেহীন বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশি শ্রমিক অভিবাসনের জন্য ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প হাতে নেয়া হয়েছে। মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় সেখানে কাজের সুযোগ বাড়ার পাশাপাশি ন্যায্য মজুরি প্রাপ্তির বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। মালদ্বীপে শ্রমিক পাঠাতে কোনো সিন্ডিকেট করতে দেয়া হবে না। ওমানে বাংলাদেশি শ্রমিক যায়োর বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারে সরকার কাজ করছে। অচিরেই ওমানে কর্মী পাঠানোর বিষয়টি সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি বলেন, বিদেশ থেকে আউট পাস নিয়ে বিপুল সংখ্যক কর্মী দেশে ফেরার বিষয়টি সরকার অনুসন্ধান করে দেখবে এবং এ ধরনের পরিস্থিতির জন্য কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া প্রত্যাগত অভিবাসী শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য ন্যাশনাল রি-ইন্টিগ্রেশন পলিসি নতুন সরকার গঠনের পর চূড়ান্ত করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।