বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টি হতে পারে। ফলে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
সিলেট জেলা ও চট্টগ্রামের কয়েকটি অঞ্চল ছাড়া সারাদেশের ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। টানা তাপপ্রবাহের কারণে প্রায় সারাদেশের জনজীবন বিপর্যস্ত।
সকাল থেকে ঢাকার আকাশে মেঘ ও সূর্যের উকিঝুকি। অন্যান্য অঞ্চলের মতো নগরবাসীও প্রচ- গরমে কষ্ট পাচ্ছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলেও জানিয়েছেন নাজমুল হক।
আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।