বিভ্রান্তিকর, ভিত্তিহীন সংবাদ প্রচারে ক্ষোভ দক্ষিণ জেলা বিএনপি’র
বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। গতকাল শনিবার সংগঠনটির দলীয় কার্যালয় দোস্ত বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান লিখিত বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জার টেক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যার হাউজে গিয়ে এনামুল হক এনামের তত্ত্বাবধানে এস আলম গ্রুপের বেশকিছু গাড়ি নিরাপদ স্থানে পৌঁছাতে সহযোগীতা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।
যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সাজানো সংবাদ। ২৯ আগস্ট নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় মীর গ্রুপের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কে বা কারা চাঁদা দাবি করেন। বিএনপি’র নাম দিয়ে টাকা দাবি করার অভিযোগ পেয়ে এনাম ও আমি (আবু সুফিয়ান) কয়েকজন বিএনপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটিতে যাই। বিএনপি’র দায়িত্বশীল নেতা হিসেবে চাঁদাবাজদের চিহ্নিত করতেই আমরা সেখানে গিয়েছিলাম। অথচ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে আমরা মইজ্জার টেক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যার হাউজে গিয়েছিলাম। যা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।