বিএনপির নামে কেউ অপকর্ম করলে আইনের হাতে তুলে দিন -নগর বিএনপি
আওয়ামী দুঃশাসনের অবসানের পরে গত ৫ আগষ্ট থেকে সমগ্র চট্টগ্রাম জুড়ে বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনায় হামলা, সম্পদ নষ্ট, ভাংচুর ও নৈরাজ্যের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব বন্ধ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি।
গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রে উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। শেখ হাসিনা পালানোর পরে বর্তমানে সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
পুলিশকে অকার্যকর করা গেলে দেশকে অস্থিশীল করা সহজ, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। বিচারের ভার নিজ হাতে নেবেন না। অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে শান্তি প্রতিষ্ঠা করুন। নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না। আজ এই মুহূর্তে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাঁকে ধরে আইনের হাতে তুলে দিন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।