বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে গার্মেন্টস শিল্পে দুর্ভোগের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাক শিল্প দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত। এ খাতে গত বছর রপ্তানি ৪৭.৩৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে সম্প্রতি তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের ওপর সরকারি নগদ প্রণোদনা ধীরে ধীরে কমিয়ে আনার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের রপ্তানিমুখী শিল্পগুলোর ওপর এই সিদ্ধান্তের কতটা প্রভাব পড়বে- তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।
২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে। আর বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে গেলে তারা রপ্তানি প্রণোদনা দিতে পারে না। এটাকেই প্রণোদনা তুলে নেওয়ার কারণ হিসেবে দেখানো হয়েছে।
এ বিষয়ে তৈরি পোশাক শিল্পের মালিকরা বলছেন, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের খাতে এমন সিদ্ধান্তের ব্যাপক প্রভাব পড়তে পারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর। বিকল্প বাজার তৈরির সম্ভাবনাও হারানোর শঙ্কা রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, যেহেতু ধীরে ধীরে সিদ্ধান্ত কার্যকর করা হবে, তাই প্রণোদনা তুলে নেওয়ার বিষয়টি খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে না। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রণোদনানির্ভর কাঠামো থেকে বেরিয়ে এসে উৎপাদনশীলতা ও দক্ষতানির্ভর বাজারের দিকে ঝুঁকতে হবে।
গার্মেন্টস মালিকদের প্রতিষ্ঠান বিজিএমইয়ের পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে রপ্তানি খাতে সবচেয়ে বেশি টানাপড়েন চলছে। রপ্তানির পরিমাণ বাড়লেও মুনাফা সেই হিসেবে বাড়ছে না। মন্দার কারণে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় সবকিছুর উৎপাদন মূল্য বেড়ে গেছে। সেই হিসেবে রপ্তানির মূল্য বেড়ে গেছে। এক্সপোর্টের ভ্যালু (মূল্য) বেড়ে যাওয়া মানেই কিন্তু মালিকরা সেই টাকাটা পায় না। মালিকরা সিএম বা চুক্তি অনুযায়ী দাম পায়। এসব বিভিন্ন কারণে আয় এখন আগের চেয়ে অনেক কমে গেছে, সেই সঙ্গে বাজারে এখন পর্যাপ্ত অর্ডার নেই।
তিনি বলেন, ভ্যালুর কারণে রপ্তানির পরিমাণ বাড়ছে। অর্ডার কিন্তু শর্টেজ, ক্যাপাসিটি কিন্তু খালি যাচ্ছে, কথা কিন্তু সত্যি।
তিনি আরও বলেন, গত কয়েক বছরে সব ধরনের জ্বালানির দাম কয়েক গুণ করে বেড়েছে। এমন অবস্থায় প্রণোদনাটা বাড়বে বলে তারা আশা করছিলেন। কিন্তু বাস্তবে তার উল্টো হচ্ছে। কমিয়ে দেওয়ার যৌক্তিকতা নীতি-নির্ধারকরা ভালো বলতে পারবেন। কিন্তু আমরা আসলে দিনের শেষে যে কয়টা টাকা এক্সট্রা পেতাম, সেটা দিয়ে হয়তো লোকসানটা কিছুটা কমিয়ে আনা হতো। সেটার গ্যাপ এখন আরও বাড়বে। তাই নিশ্চিতভাবেই ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে তারা আরও বেশি ক্ষতির মুখে পড়বেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।