বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?
নিজস্ব প্রতিবেদক:
অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মাধ্যমে ১৬ বছরের বেশি সময় ধরে চলা শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। ৭৭ বছর বয়সী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অন্যদিকে ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া এ মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন।
এই পরিস্থিতিতে বহুল আলোচিত ‘মাইনাস টু’ ফর্মুলা নিয়ে বাংলাদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০০৭ সালে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বাংলাদেশে তত্ত¦াবধায়ক সরকার ক্ষমতায় এসে দুই বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই প্রচেষ্টাই ‘মাইনাস টু’ ফর্মুলা নামে পরিচিত। ওই সময় দুই নেত্রীকে গ্রেপ্তারও করা হয়।
তবে, ২০০৮ সালের নির্বাচনের আগে তাদের মুক্তি দেওয়া হয় এবং শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন। এরপর থেকে তিনি টানা ক্ষমতায় ছিলেন, যা ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেষ হয়। তার সরকারের পতনের পর ইউনূসের অন্তর্র্বতী সরকার দেশ চালাচ্ছে। এই সরকার সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা করেছেন।
ইউনূস বলছেন, কেবল সংস্কার শেষ করার পরই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনে বিলম্ব বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে ১/১১ সরকারের সময়কার অভিজ্ঞতাকে মনে করিয়ে দিচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বলেন, আমরা মনে করি, যারা ১/১১ সরকারের সময় আমাদের রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেছিল এবং আমাদের দলকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, তারা এখন আবার সক্রিয় হয়েছে।’
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারীরা একটি নতুন ‘রাজনৈতিক শক্তি’ গঠনের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি জুলাই-আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গণহত্যার পর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি থেকে তাদের দূরে রাখার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তবে বিএনপি আশঙ্কা করছে, নির্বাচনে বিলম্ব তাদের জন্য একই পরিণতি ডেকে আনতে পারে।
তবে ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম ‘মাইনাস টু’ ফর্মুলা নিয়ে উদ্বেগকে ‘অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের ভোটিং সিস্টেম ভেঙে পড়েছে এবং তা পুনর্গঠন প্রয়োজন।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।