বাংলাদেশের নির্বাচনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে -সিইসি
বাংলাদেশের নির্বাচনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছে। আমরা তাদের মুখ চেপে ধরতে পারছি না। যদি সম্ভব হতো মুখ চেপে ধরতাম। কিন্তু মুখ চেপে ধরতে পারবো না। পৃথিবীটা এখন উন্মুক্ত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, গাজীপুরে যে নির্বাচনটা হবে এটার গুরুত্বটা অত্যধিক। কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগে খুব বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি এবং এজন্যই গাজীপুর নির্বাচন একটি মডেল হোক।
তিনি আরও বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির সংস্কৃতি থেকে আমাদের উঠে আসতে হবে। আমাদের নির্বাচনী ব্যবস্থায় এখনো অনেক অপসংস্কৃতি, কালো সংস্কৃতি রয়ে গেছে। আপনাদের চেষ্টায় হয়তো একটা সময় আসবে আপনারা অহিংসভাবে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সিইসি হাবিবুল বলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু করণীয় যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে থাকবে আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না। আমরা পুরোপুরি সে চেষ্টা করবো। কিন্তু আপনাদেরও নিজ নিজ অবস্থান থেকে যে চেষ্টাটুকু তা পরিপূর্ণভাবে করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।