এককভাবে নির্বাচন করতে না পারলে অন্য সিদ্ধান্ত -জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক:
এককভাবে নির্বাচন করতে না পারলে জাতীয় পার্টি অন্য সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
তিনি বলেন, নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। কী করলে জনগণের ভালো হবে আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচনে সিদ্ধান্ত নেবো। আমরা যদি মনে করতে পারি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারবো তাহলে আমরা তাই করবো। যদি আমাদের সেই শক্তি না থাকে তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেবো। এ ব্যাপারে দলের নেতা-কর্মী ও শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাতে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশে সুশাসন দেবো এই কথা বলে আমরা দেশের মানুষের সামনে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি।
আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে উল্লেখ করে তিনি আরো বলেন, সেটা খারাপের দিকেও যেতে পারে আবার ভালোর দিকেও যেতে পারে। সামনের দিকে রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমন পীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে। আসলে দেশের রাজনীতিতে একটা সমস্যা আছে- তার সমাধান দেখছি না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।