বগুড়ার চরাঞ্চল পাকা মরিচের রঙে লালে লাল
বগুড়া সংবাদদাতা:
দেশের সর্বত্র রয়েছে বগুড়ার লাল মরিচের খ্যাতি। যমুনা নদীবেষ্টিত জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার চরাঞ্চল এখন পাকা মরিচের রঙে লালে লাল। মরিচ তোলায় ব্যস্ত চাষিরা।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানান, চলতি মৌসুমে জেলায় ৬ হাজার ৪০০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদন হয়েছে ৫ হাজার ৭৩৮ হেক্টর জমিতে। জেলায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। প্রায় ১ হাজার কোটি টাকার শুকনা মরিচ উৎপাদনের আশা করা হচ্ছে। বগুড়ায় যে পরিমাণ মরিচ চাষ ও উৎপাদন হয় তার সিংহভাগই হয় যমুনা নদীর চরে।
পলি পড়া চরে মরিচেই ভাগ্য ফিরেছে চাষিদের। আবহাওয়া অনুকূল থাকায় এবার মরিচের ফলন ভালো হয়েছে। সেই সঙ্গে ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
এ বিষয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শোনপচা চরের বাসিন্দা মরিচ চাষি হযরত আলী জানান, বগুড়ায় সারা বছর মরিচের চাষ হলেও অক্টোবর থেকে মার্চ পর্যন্ত যে মরিচ চাষ হয় তা শুকিয়ে বাছাই করা হয়। বছরের অন্য মাসে যে মরিচ উৎপাদন হয় তা সাধারণত কাঁচামরিচ হিসেবে বাজারজাত হয়।
তিনি আরও বলেন, গত বছর মরিচ চাষ করে ভালো লাভ পেয়ে এ বছর তিনি ১৩ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। খরচ হয়েছে ৩ লাখ টাকার বেশি। প্রথমের দিকে কাঁচা মরিচের ভালো দাম পাওয়ায় লাভবান হয়েছেন। এখন তিনি লাল মরিচ উত্তোলন করে বাড়িতে শুকিয়ে সংরক্ষণ করছেন। বাজারে এখন শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা কেজি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।