বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
সাভারে বকেয়া বেতন, চলতি মাসের বেতনের অর্ধেক ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
গতকাল রোববার হেমায়েতপুরের বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে মালিকপক্ষ বারবার কারখানা লে-অফ ঘোষণা করছে। সর্বশেষ ১৭ মে দেওয়া এক নোটিশে ১৮ থেকে ৩১ মে পর্যন্ত লে-অফ ঘোষণা করা হয়। সেই নোটিশ অনুযায়ী, এপ্রিল মাসের বেতন ২৫ মে দুপুর ৩টায় পরিশোধের কথা ছিল। কিন্তু শ্রমিকরা কারখানায় এসে দেখেন, মালিকপক্ষ বা কর্মকর্তারা উপস্থিত নন। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন।
একজন সুইং অপারেটর নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ আমাদের এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা ছিল। ৩টার আগেই আমরা কারখানায় এসেছি, কিন্তু কেউ আসেনি। সামনে ঈদ, আমাদেরও সংসার আছে। বেতন না পেলে চলবো কী করে? চলতি মাসের বেতন, ঈদ বোনাস- কোনো কিছু নিয়েই কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
কারখানার আরেকজন শ্রমিক জানান, গত দুই মাসে কয়েকবার লে-অফ ঘোষণা করেছে মালিকপক্ষ। এপ্রিল মাসের বেতন আজও দেইনি। কারখানা চালাতে না পারলে আমাদের সব পাওনা বুঝিয়ে দিক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।