‘বউ-পোলাপাইনরে স্কুলঘরে রাইখা আইছি, গরু-বাছুর নিয়া কই যামু’
ময়মনসিংহ সংবাদদাতা:
‘বাড়িঘরে পানি উইঠা গেছে, বউ পোলাপানরে কোনোমতো স্কুলঘরে রাইখা আইছি। গোয়ালঘরের গরু-বাছুর কই নিয়া যামু? এগুলারে আর বাইর করতে পারি নাই। তিন দিন ধইরা পানির মধ্যেই দাঁড়াইয়া আছে। খাবারও খাওয়াইতে পারতাছি না। জানি না বানের পানিতে গরু-বাছুর বাঁচাতে পারমু কিনা।’ এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের কৃষক কলিমুদ্দিন (৫৫)।
গত জুমুয়াবার (৪ অক্টোবর) দুপুরের পরেই ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কলিমুদ্দিনের বাড়িঘরে পানি উঠে যায়। দ্রুতই বন্যার পানি বাড়িঘরে উঠে যাওয়ায় স্ত্রী এবং পাঁচ সন্তানকে নিয়ে কোনোমতো কিছু মালামাল নিয়ে দক্ষিণ মাইজপাড়া স্কুলঘরে আশ্রয় নেন তিনি। পানি বেড়ে যাওয়ার কারণে গোয়ালঘরে থাকা আটটি গরু-বাছুর আর বের করতে পারেননি। সেদিন থেকেই পানির মধ্যে দাঁড়িয়ে আছে গবাদিপশুগুলো। গরু-বাছুর গোয়ালঘরে থাকায় কৃষক কলিমুদ্দিন বাড়ি ছেড়ে স্কুলঘরে যেতে পারেননি।
তিনি বলেন, ‘জমিতে চাষাবাদের পাশাপাশি গরু লালনপালন করে বউ বাচ্চাদের নিয়ে দিন যাপন করে আসছি। আটটার মধ্যে চারটা গরু দুধ দেয়। আর দুধ বিক্রি করেই সংসারের খরচ চলে। বন্যায় আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এবার বন্যার পানির মধ্যে গরুগুলো বাঁচাতে পারমু কিনা, এই নিয়ে চিন্তায় ঘুম আসছে না।’
শুধু দক্ষিণ মাইজপাড়া গ্রামের কৃষক কলিমুদ্দিন না, ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার হাজার হাজার কৃষক হঠাৎ বন্যার কবলে পড়ে বিপাকে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে আমন ধানের ফসলি জমি ও মাছের খামার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।