পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সরকার। নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল গত মঙ্গলবার (২০ অক্টোবর)। গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন, পুরোনো বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আইবাস প্লাস প্লাস (রইঅঝ++) ব্যবস্থায় বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। তবে প্রতিরক্ষা ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।
নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ ৫৬ হাজার টাকা। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই এ কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। গত ১ জুলাই থেকে নতুন স্কেল কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন দেওয়া হচ্ছে ধাপে ধাপে।
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন মাসের বকেয়া অর্থও পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। তবে সবাই সমান অঙ্কের বকেয়া পাবেন না। কর্মচারীর গ্রেড, আগের মূল বেতন, নতুন নির্ধারিত বেতন ও কার্যকর হওয়ার সময়ের ভিত্তিতে পাওনা নির্ধারিত হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।