পুলিশকে আরও জনবান্ধব হওয়ার তাগিদ রাষ্ট্রপতির
বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে আরও জনবান্ধব হওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ তাগিদ দেন তিনি। আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, পুলিশ সদস্যদের কাজ যাতে জনবান্ধব হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।
জনস্বার্থে বিভিন্ন মামলা নিষ্পত্তিতে যথাসম্ভব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির বিকাশের ফলে সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশের প্রতিটি সদস্যকে প্রযুক্তি জ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
রাষ্ট্রপতি সন্ত্রাসবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।