দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন
রাজশাহী সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিতে হবে।
তিনি ঐকমত্য কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা যে যেখানে কাজ করতেন, সেখানে স্ব স্ব কাজে ফিরে যান। দেশের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন- ২০২৫- এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনকে তাদের মতামতের জন্য রাখা হয়নি। তারা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন বানচালের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে।
বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে আমীর খসরু বলেন, বড় বড় মেগা প্রকল্পের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।