দেশি মুরগির স্বাদ ফেরাবে ‘সুবর্ণ’ মুরগি
নিজস্ব প্রতিবেদক:
দেশে গোশতের মোট চাহিদার বড় জোগানদাতা ব্রয়লার মুরগি। দেশি মুরগির স্বাদ অনন্য হলেও জোগান অত্যন্ত নগণ্য। এ অবস্থায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) দেশীয় জার্মপ্লাজম ব্যবহার করে অধিক গোশত উৎপাদনকারী ‘সুবর্ণ’ নামে মুরগির জাত উদ্ভাবন করেছে। নতুন জাতের এ মুরগির গোশত স্বাদে দেশি মুরগির মতো।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা দেশীয় জার্মপ্লাজম ব্যবহার করে ধারাবাহিক সিলেকশন ও ব্রিডিংয়ের মাধ্যমে সম্প্রতি একটি অধিক গোশত উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছে। দেশীয় পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী মুরগির এই জাতটির নামকরণ করা হয়েছে বিএলআরআই মিট চিকেন-১ (সুবর্ণ)।
গবেষণা সংশ্লিষ্টরা জানান, আট সপ্তাহ পর্যন্ত এক হাজার সুবর্ণ জাতের মুরগি লালন-পালন করে ৪০ থেকে ৬০ হাজার টাকা আয় করা সম্ভব। বছরে চারটি ব্যাচ লালন-পালন করলে যা দাঁড়াবে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত। সুবর্ণ মুরগির গোশতের স্বাদ ও পালকের রং দেশি মুরগির মতো মিশ্র বর্ণের হওয়ায় খামারিরা বাজারমূল্যও খানিকটা বেশি পাবেন। ব্রয়লার মুরগির কাছাকাছি দাম হওয়ায় কম মূল্যে দেশি মুরগির গোশতের স্বাদ ফেরাবে এই জাতের মুরগি।
পরিবর্তনশীল আবহাওয়া বিবেচনায় নিয়ে দেশীয় আবহাওয়ায় অভিযোজিত ফিমেল লাইন এবং উন্নত দেশি জাতের মেল লাইন সিলেকশন ও ব্রিডিংয়ের মাধ্যমে কৌলিকমান উন্নয়ন করে সুবর্ণ জাতটি উদ্ভাবন করা হয়েছে, যা দেশি আবহাওয়ায় সহজেই পালন করা যায়। এই জাতের কৌলিকমান এমনভাবে উন্নয়ন করা হয়েছে, যাতে ক্ষুদ্র খামারি ও বাণিজ্যিক খামারি লাভবান হতে পারেন।
আট সপ্তাহে মাল্টি কালার টেবিল চিকেনের (এমসিটিসি) গড় ওজন ৯৭৫ গ্রাম থেকে এক কেজি হয়। এই ওজন হতে প্রতিটি মুরগির প্রায় ২ দশমিক ২০ থেকে ২ দশমিক ৪০ কেজি খাবার খায়। আবার এ জাতের মুরগির মৃত্যুহারও খুব কম। বিএলআরআই পরিচালিত বিভিন্ন গবেষণায় সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ মৃত্যুহার পাওয়া গেছে। এই জাতের মুরগি অধিক রোগ প্রতিরোধক্ষম। আবার দেশীয় আবহাওয়া উপযোগী হওয়ায় সঠিক বায়োসিকিউরিটি এবং প্রতিপালন ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে রোগ-বালাই হয় না বললেই চলে।
বিএলআরআইয়ের পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাকিবুল হাসান বলেন, সোনালি মুরগির মতোই এই মুরগির দাম হবে, যা মানুষের হাতের নাগালে থাকবে। আমাদের দেশীয় আবহাওয়ার উপযোগী করে এই মুরগি উদ্ভাবন করা হয়েছে। এটি খামারি পর্যায়ে উৎপাদন হলে অনেক সুফল মিলবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।