দেশটাকে বৃহৎ কারাগার বানানো হয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন।’
গতকাল ইয়াওমুল আহাদ রোববার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী এ কথা বলেন। গত শনিবার গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া ভোরে ঢাকা থেকে দলের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ইমরান সালেহ প্রিন্সকে আটকের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসব ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।
বিবৃতিতে বিএনপি নেতা রিজভী নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একদিকে বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে, অন্যদিকে জ্যেষ্ঠ নেতাসহ সর্বস্তরের নেতা-কর্মীকে গ্রেপ্তারে ক্র্যাকডাউন শুরু হয়েছে। এটি যেন এক মহা তামাশা। রিজভী আরও বলেন, ‘আসলে সরকার নিজেদের অতি চালাক ভাবছে এবং সবকিছুতেই ধরাকে সরা জ্ঞান করছে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।