সব কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই -পরিকল্পনামন্ত্রী
‘মূল্যস্ফীতি আমরা চাই না’ জানিয়ে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেছেন, ‘সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই; যেমন- আলু। এত আলু দেশে উৎপাদন হয়, এই আলুকে নিয়ে কিছু কিছু লোক খেলা খেলতে চেয়েছিল। আমরা আলু ইমপোর্ট (আমদানি) করছি। আলুর দাম কমবে। ডিম নিয়ে কেউ কেউ খেলতে চায়, আমরাও খেলব। আমাদের খেলা হবে ইমপোর্ট করা, নিয়ে আসা।’
সুনামগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে গতকাল সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মান্নান বলেন, ‘একযোগে সারা দেশে উন্নয়নের জোয়ার হওয়ার ফলে নতুন ক্রেতা, নতুন ভোক্তা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সাপ্লাইটা (সরবরাহ) সেই পরিমাণে হয়নি। এ জন্য একটু সমস্যা হচ্ছে।’
মূল্যস্ফীতি সকল দেশেই আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী ভারতে এখন মূল্যস্ফীতি আট শতাংশ। ইংল্যান্ডে ৯ শতাংশের মতো মূল্যস্ফীতি আছে। এটার মানে এটা নয় যে মন্দ দিয়ে ভালোর কোনো উদাহরণ হয় না। মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছি আমরা।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।