‘দুই মাস কাজ নেই, সংসার চলছে না’, শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
চাকরিতে পুনর্বহাল ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জে অবস্থিত এ্যাসরোটেক্স গ্রুপের চাকরিচ্যুত কর্মচারীরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
শ্রমিকদের অভিযোগ, দুই মাস আগে ফ্যাক্টরির ভেতরে প্রচলিত নিয়মকানুন হঠাৎ পরিবর্তন করা হলে তারা প্রতিবাদ করেন। আগে নাশতার সময় ছিল ১৫ মিনিট, তা কমিয়ে ১২ মিনিট করা হয়। দুপুরের খাবারের সময়ও পরিবর্তন করা হয়। এ ছাড়া নামাজের জন্য দেওয়া বিরতি বাতিল করা হয়। এর প্রতিবাদ করায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ২২০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে এবং ৩০ জন শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক রাসেল বলেন, দুই মাস যাবৎ কাজ নেই, সংসার চালাতে পারছি না। জিএম আওলাদ হোসেনের কারণে আমাদের এই অবস্থা।
শ্রমিক নাজিমউদ্দীন বলেন, গত ২ আগস্ট আমরা আন্দোলন করি। সেদিন যারা ছুটিতে ছিল, সাসপেন্ড ছিল বা অনুপস্থিত ছিল, তাদেরও সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে।
আরেক শ্রমিক আক্তার নেসা বলেন, এই কোম্পানিতে ১৪ বছর কাজ করেছি। সেদিন অসুস্থ থাকার কারণে আমি ছুটিতে ছিলাম, তবু আমাকে বরখাস্ত করা হয়। এখন চাকরি চলে যাওয়ার কারণে চিকিৎসার খরচও চালাতে পারছি না।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, তাদের দুটি দাবি- শ্রমিকদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং চাকরিচ্যুত ২২০ জনকে পুনরায় কাজে বহাল রাখতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।