তিন চতুর্থাংশ মানুষ মনে করেন ব্যবসাকেন্দ্রিক রাজনীতি না বদলালে ফিরবে স্বৈরাচারী ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক:
প্রতি চারজন বাংলাদেশির মধ্যে প্রায় তিনজন মনে করেন, যদি রাজনীতি জনকল্যাণের পরিবর্তে ব্যবসায়িক স্বার্থে পরিচালিত হয়, তবে স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থানের ঝুঁকি রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি জাতীয় জনমত জরিপে দেখা গেছে, দলীয় মনোনয়ন বিক্রি অব্যাহত থাকলে প্রায় ৭৪ শতাংশ মানুষ স্বৈরাচার পুনরুত্থানের বিষয়ে সতর্ক করেছেন।
নির্বাচনী সংস্কার কমিশনের অনুরোধে পরিচালিত এই জরিপে বলা হয়েছে, প্রতি পাঁচজনের মধ্যে চারজন সংসদীয় নির্বাচনে দলীয় মনোনয়নের যোগ্যতা অর্জনের জন্য তিন বছরের সদস্যপদ বাধ্যতামূলক করার পক্ষে মত দিয়েছেন।
বিবিএসের ৪৬ হাজার ৮০টি খানার ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, এর ফলে দলের নিবেদিতপ্রাণ সদস্যরা জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে মনে করছেন সাধারণ মানুষ। ২০-২২ ডিসেম্বর পরিচালিত এই জরিপে প্রতি পরিবার থেকে একজন প্রাপ্তবয়স্ক (১৮ বা তার বেশি বয়সী) উত্তরদাতাকে বেছে নেওয়া হয়। নির্বাচনী সংস্কার কমিশনের ওয়েবসাইটে গবেষণা প্রতিবেদনটি আপলোড করা হয়েছে।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, জরিপটি নির্বাচন এবং সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে জনগণের মতামত জানার জন্য করা হয়েছিল। তিনি বলেন, কমিশন তাদের নিজস্ব অভিজ্ঞতার পাশাপাশি এই জরিপে প্রকাশিত মতামতের আলোকে সুপারিশ তৈরি করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।