টিউশনির জমানো টাকায় ফলবাগান, বছরে আয় ৭ লাখ টাকা
বরিশাল সংবাদদাতা:
লকডাউনের সময় যখন অনেক তরুণ অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তখন বরিশালের তরুণ সৈকত রায়হান সাকিন বেছে নেন ভিন্ন পথ। টিউশনি করে জমানো অল্প কিছু টাকা আর ফলচাষের প্রতি প্রবল আগ্রহকে পুঁজি করে বাড়ির পাশেই শুরু করেছিলেন ছোট্ট একটি ফলবাগান। সময়ের সঙ্গে সেই ছোট উদ্যোগই এখন বড় পরিসরের নার্সারি ও মিশ্র ফলবাগানে পরিণত হয়েছে। বর্তমানে এই বাগান থেকেই বছরে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা আয় করছেন তিনি।
বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের তিলক গ্রামের বাসিন্দা সাকিনের এই উদ্যোগ এখন এলাকায় অনুপ্রেরণার প্রতীক। পড়াশোনার পাশাপাশি শুরু করা তার এই পথচলা আজ শুধু ব্যক্তিগত আয়ের উৎস নয়, বরং অনেক তরুণের উদ্যোক্তা হওয়ার স্বপ্নও জাগিয়ে তুলছে।
সাকিন ২০২৩ সালে বিএম কলেজ থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজ বাড়ির এক একর জমিতে গড়ে তোলেন নার্সারি ও মিশ্র ফলবাগান। বর্তমানে তার বাগানে দেশি-বিদেশি মিলিয়ে রয়েছে ৮০টিরও বেশি আমের জাত।
তার বাগানে রয়েছে আরও বৈচিত্র্যময় ফলের সমাহার। আঠাবিহীন কাঁঠাল, লাল জামরুল, মাল্টা, রাম্বুটান, অ্যাভোকাডো, আঙুর, আনার, কমলা ও আপেলসহ প্রায় ৭০ প্রজাতির বিদেশি ফলের চারা রয়েছে সেখানে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মাত্র তিন ফুট উচ্চতার গাছে ফল ধরা আঠাবিহীন কাঁঠাল।
নিজের বাগান পরিচালনার পাশাপাশি সাকিন অন্যদেরও ফলচাষে উৎসাহিত করছেন। তার পরামর্শ ও সহযোগিতায় এরই মধ্যে বরিশালের বিভিন্ন এলাকায় ১০টির বেশি ফলবাগান গড়ে উঠেছে। অনেকে তার কাছ থেকে চারা সংগ্রহ করে ছাদবাগানও করেছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।