জনগণই আ’লীগের প্রভু, আর কেউ নয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের আর কোনো প্রভু নেই।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্যে বলেন, ‘জনগণই আওয়ামী লীগের প্রভু। জনগণের কাছে আমরা দায়বদ্ধ।’
তিনি আরো বলেন, তার দল আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।
আওয়ামী লীগ সভাপতি গত সাড়ে ১৪ বছরের অর্জনগুলো তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
একই সাথে আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিয়ে তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।
সভায় আওয়ামী লীগের প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন।
প্রতিটি জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ দলীয় নেতাদের দিকনির্দেশনা দিতে এ ধরনের সভার আয়োজন করে থাকে। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালের ২৩ জুন এ ধরনের সভা অনুষ্ঠিত হয়।
ডিসেম্বরের শেষ সপ্তাহ বা পরের বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।