চট্টগ্রামে পোশাক কারখানায় অর্ডার বাড়ছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রাজধানী ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়ায় তৈরী পোশাক শিল্পের পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এমন পরিস্থিতিতে চট্টগ্রামকেন্দ্রিক কারখানাগুলোতে বিপরীত চিত্র। এখানে পোশাক কারখানাগুলোতে পুরো দমে উৎপাদনে রয়েছে। বায়ারের চাহিদা পূরণে চট্টগ্রামের ৪৪৬টি তৈরী পোশাক কারখানায় বাড়ছে কর্মব্যস্ততা।
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় অবস্থিত ক্লিফটন গ্রুপের নিটওয়্যার পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিলাক্স ফ্যাশন লিমিটেড, চলতি বছরের অক্টোবরে প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে।
ক্লিফটন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন চৌধুরী বলেন, এখানে কোনো শ্রমিক অস্থিরতা নেই। পোশাক কারখানাগুলো সময়মতোই পণ্য রফতানি করতে পারছে। তাই ক্রেতারাও অর্ডার দিচ্ছেন।’ ‘গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের তুলনায় এ বছর ১৫-২০ শতাংশ বেশি অর্ডার এসেছে আমাদের কারখানাগুলোতে,’ যোগ করেন তিনি।
একইভাবে, চট্টগ্রামের সব বড় গার্মেন্ট প্রতিষ্ঠানের মধ্যে কেডিএস, ফোর এইচ, পেসিফিক, এশিয়ান গ্রুপের কারখানাগুলোতেও বাড়তে শুরু করেছে অর্ডার।
এশিয়ান গ্রুপের প্রধান নির্বাহী বেলায়েত হোসেন বলেন, ঢাকা ও এর আশপাশের এলাকার অনেক কারখানা অস্থিরতার কারণে বন্ধ হয়ে যাওয়ায় বায়ারদের অনুমতি নিয়ে ওই কারখানাগুলোর মালিকরা চট্টগ্রামের বিভিন্ন কারখানা থেকে পণ্য তৈরি করে নিচ্ছেন। এতে চট্টগ্রামের কারখানাগুলোতে অর্ডার ও কাজ বেড়েছে।
ঢাকার কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ পরিকল্পিত নাশকতা বলে উল্লেখ করে বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রামের কারখানা মালিকরা সজাগ ও সচেতন থাকায় এখানে শ্রমিক অসন্তোষ দানা বাঁধতে পারেনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।