আমন এলে চালের দাম কমবে -খাদ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
বাজারে আমন ধান এলে চালের দাম কমবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভাশেষে তিনি এ কথা জানান।
খাদ্য উপদেষ্টা জানান, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। ১৭ নভেম্বর রোববার থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এ বছর সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল, সাড়ে তিন লাখ মেট্রিক টন ধান এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপদেষ্টা বলেন, গত বছর চাল ক্রয় করা হয়েছিল প্রতি কেজি ৪৪ টাকা এবার তিন টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকায়। আর ধান সংগ্রহ করা হয়েছিল ৩০ টাকা কেজি এবার ৩৩ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এবার আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম আমদানি করা হবে। ফলে বলা যায় বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে।
তিনি বলেন, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।